আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্যে এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুদেশ সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে প্রতিমন্ত্রী ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোটির উদ্যোক্তা হলো ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।
আরও পড়ুন
স্পেন সফর শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন। যুক্তরাজ্যে তার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অন্বেষণ করা।
এ সফরগুলো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন।
