আদমদীঘিতে সালিশ বৈঠকের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক প্রবাসীর স্বজনের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারপিটে দুই নারী গুরুতর আহত হন। ঘটনার পর থেকে গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নসরতপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ‘কালো জাদু’ করে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করার অভিযোগ ওঠে ইসমাইল প্রামাণিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে ইসমাইল আত্মগোপনে চলে যান। পরে গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকে মাহি হোসেন নামে এক তরুণ ঘটনাটি ভিডিও করতে গেলে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে ধাওয়া দিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাহির নানা আনছার আলীর বসতবাড়িতে হামলা করে ও খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ভাঙচুরে বাধা দিতে গেলে আনছার আলীর মেয়ে আফরোজা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনেরা। এদিকে এ সহিংসতা পরদিন শুক্রবার সকালেও থামেনি। গ্রামের মেকেলসহ কয়েকজন আনছার আলীর বাড়িতে ঢুকে মুর্শিদা বেগম নামে আরেক নারীকে মারপিট করে আহত করে। একের পর এক হামলার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআই এন্তেজারুল ইসলাম জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।