চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জেরে বড় ভাই ও ভাবির ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি ও আপন ছোট ভাই একরামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হামলায় আহত বড় ভাই এনামুল হক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তার একরামুল হক ও আহত এনামুল হক দুজনেই হুলাইন গ্রামের মৃত আবদুস শুক্কুরের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে পূর্বশত্রুতার জেরে এনামুল হক ও তাঁর স্ত্রী রুমানা আক্তারের ওপর ছোট ভাই একরামুল হকসহ অন্যান্য আসামিরা অতর্কিত হামলা চালান। এতে এনামুল হকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর গত ১ অক্টোবর আহত এনামুল হকের স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামি একরামুল হককে রোববার সকালে কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
মামলার বাদী রুমানা আক্তার অভিযোগ করেন, দেবর ও ভাসুরদের হামলায় তাঁর স্বামী গুরুতর আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের ভয়ে তাঁরা বর্তমানে নিজ বসতঘরেও ফিরতে পারছেন না।
পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, পটিয়া থানার মামলার প্রধান আসামি একরামুল হককে রোববার সকাল ১১টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
জেএইচআর
