শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মোট ৬৮ জন আনসার ও ভিডিপি (পুরুষ ও নারী) সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পূজামণ্ডপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে তালতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি দিকনির্দেশনামূলক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রাক্-বিদায়ী ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল হক। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীত সরকার বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।” তিনি যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করার নির্দেশনা দেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আমিনুল হক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, “পূজা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ১১টি মণ্ডপেই আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ।”
সংক্ষিপ্ত ব্রিফিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ নির্ধারিত পূজামণ্ডপের উদ্দেশে বিদায় জানানো হয়।
