রংপুরের পীরগঞ্জে পৌরসভার একটি নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আসাদুল ও রংপুর নগরীর শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণাধীন ভবনটির বারান্দার ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় আসাদুল ও শিহাবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ চালায়। নিহত ও আহতদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
