ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
ত্রিদেশীয় সিরিজের শুরুটা বাজেভাবে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এমন হারের ফলে ফাইনালে ওঠার পথটা এখন বেশ কঠিন। যদিও এখনও ফাইনালে ওঠার সুযোগ আছে বাংলাদেশের।
আগামী বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরবেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে বেশ উচ্ছ্বসিত প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘হ্যাঁ, মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশাকরি পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
প্রথম ম্যাচ হারের পর দলের এখন কী করতে হবে, সেটা ভালোভাবেই জানেন ফিল সিমন্স। তিনি বলেন, ‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না- এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।’
‘এটা ছিল এমন এক দিন যেদিন কিছুই পক্ষে যায়নি। জানি, এখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়। আমরা ভালো প্রস্তুতি নিয়ে পরের ম্যাচে দিকে তাকিয়ে আছি।’
খুলনা গেজেট/উউরা
