বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় ভারতে পাচারের চেষ্টার অভিযোগে সোনার বারসহ আলাউদ্দিন (৫১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান এলাকার ‘প্রাইম ব্রিকস’ নামের ইটভাটার পাশ থেকে তাঁকে আটক করা হয়।
আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায়, সোনার একটি চালান ভারতে পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের একজনকে আটক করা হয়। অন্য দুজন পালিয়ে যান।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা করে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিকে, মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে একজন আটক হলেও পলাতক দুজনের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। এ ছাড়া শরীর তল্লাশির সময়ের কোনো ভিডিও সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এসব বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে পুলিশের দাবি, শতভাগ স্বচ্ছতার সঙ্গে সোনার বার উদ্ধার করা হয়েছে।

