আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের (আরা) সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ চুক্তির আওতায় আরা-র বৈদ্যুতিক গাড়ির ক্রেতারা ইউনাইটেড ফাইন্যান্স থেকে কার লোন নিতে পারবেন। সম্প্রতি ঢাকায় আরা-র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইউনাইটেড ফাইন্যান্সের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন এবং আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান আখতার এবং ইউনাইটেড ফাইন্যান্সের হেড অব কার লোন মোহাম্মদ হেদায়েতুর রহমান। দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে আরা-র গ্রাহকরা ইউনাইটেড ফাইন্যান্সের কার লোনের মাধ্যমে তাদের গাড়ি কেনার অর্থায়ন করতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য, সারা দেশের গ্রাহকদের জন্য পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহনকে আরো সহজ করা।
চুক্তি প্রসঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের যেমন পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে, তেমনি ভবিষ্যতের প্রযুক্তির দিকেও এগিয়ে যেতে হবে। আরা বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে। এই যাত্রার অংশ হতে পেরে ইউনাইটেড ফাইন্যান্স অত্যন্ত আনন্দিত। আরা-র গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আরা যাত্রীবাহী ও বাণিজ্যিক উভয় শ্রেণিতে একাধিক খ্যাতনামা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করে। অন্যদিকে ইউনাইটেড ফাইন্যান্স একটি 'ট্রিপল এ' (AAA) রেটিংপ্রাপ্ত দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কার লোনসহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে থাকে।
