দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানিকারক কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাসসকে বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বাসসকে বলেন, পূজা উপলক্ষে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে বন্দরে সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানো, পরিবহণ ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।
তবে এসময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।
সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।
