চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো ও বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজসংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান এক কৃষক। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত নারীর পরিচয় উদঘাটন ও ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
