কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার আলী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন আলম শোভন মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে ফেরার পর সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে।
এ অবস্থায় গত মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে ধারালো ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে সে তার বাবা সরদার আলীকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হলোখানা ইউনিয়নের ভাইরাল রাস্তা (বাউদিয়ার ছড়া) এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "ঘাতক শোভনকে অভিযান চালিয়ে হলোখানা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
