মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও গাছের চারা পুনঃস্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঘিওর-জাবরা ও ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিন আলম এবং পল্লী বিদ্যুৎ ঘিওর জোনাল অফিসের ডিজিএম মো. আলীবদী খান সুজন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে সড়ক দুটির দুই পাশে সাত শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। তবে অতিবৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবার নতুন করে মেহগনি, কাঁঠাল, পেয়ারা ও নিমসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ এবং নষ্ট হওয়া চারাগুলো পুনঃস্থাপন করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, “শুধু চারা রোপণ করলেই চলবে না, সেগুলোকে টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”
জেএইচআর
