Published on
:
2 min read
করণ জোহরের শো ‘কফি উইথ করণ ৯’-এর একটি বিশেষ পর্বে সম্প্রতি হাজির হয়েছিলেন বলিউডের ‘দাবাং’ সলমন খান। যে শোয়ে সলমন খানকে বেশ অন্যরকম মেজাজে দেখা গিয়েছে। নিজের জীবনের গল্প বলার পাশাপাশি করণ জোহরের সঙ্গে খানিক রসিকতা করতেও দেখা গিয়েছে অভিনেতাকে।
শোয়ে সলমন এমন একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন যা শুনে করণ জোহরও অবাক। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর ঘরে বেশ কিছু অলৌকিক কার্যকলাপ তিনি লক্ষ্য করেছেন। সলমন জানান, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটত। আলো নিজে থেকেই নিভে যেত এবং আলমারি আপনাআপনি খুলে যেত। তবে, অভিনেতা এও জানান যে, এইসব ঘটনায় তিনি কখনও ভয় পাননি।
প্রসঙ্গত, সলমন খানের বাড়ির কথা উঠতেই করণ জোহর বলেন, ‘যখন আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর গল্প বলতে তোমার বাড়িতে গিয়েছিলাম, আমার মনে আছে তখন তোমাদের বাড়িতে সবাই একসঙ্গে থাকত। আরবাজ়, সোহেল, সালমা আন্টি এবং সেলিম আঙ্কল— সবাই সে দিন সেখানেই ছিলেন।’
করণ আরও বলেন, ‘যখন আমি তোমার ঘরটা দেখলাম, একটু অবাক হয়েছিলাম। ঘরটা এত ছোট, শুধু একটা আলমারি আর বিছানা। মনে হয়েছিল এটা সলমন খানের ঘর?’ এর পরে সলমন আরও একটি ঘটনা শেয়ার করেন। অভিনেতা সেই চলচ্চিত্র নির্মাতাকে থামিয়ে দিয়ে বলেন, ‘আমি সেই ঘরে একা ছিলাম না। আমি ঘরে অন্য কারও উপস্থিতি অনুভব করতে পারছিলাম। আমি যদিও তাদের কখনও দেখিনি, শুধু তাদের কথা শুনেছি এবং অনুভব করেছি।’
অভিনেতা আরও বলেন, ‘যখনই আমি ঘর থেকে বের হতাম, আপনাআপনি গান বাজতে শুরু করত, আলমারিটা নিজে থেকেই খুলে যেত এবং আলোগুলো মিটমিট করত। একবার আমি বাথরুমে গিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল যেন বাইরের আলমারিতে কেউ কিছু একটা নিয়ে নড়াচড়া করছে।’ অভিনেতার কাছ থেকে এই গল্প শুনে করণ জোহরও অবাক। তিনি সলমন খানকে জিজ্ঞাসা করেন, ‘তোমার কি মনে হয় সেখানে ভূত আছে?’ উত্তরে সলমন বলেন, ‘না, আমি শুধু কারও উপস্থিতি অনুভব করতাম। কিন্তু আমার কখনও ভয়ও করেনি। শারীরিক-মানসিক কোনও কষ্টও হয়নি।’