ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়ার পর সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। বিশেষ কারণগুলো আমি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে তুলে ধরব।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব। এখন আমি আরও জোরালোভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তবে এমন উপযুক্ত পদ্ধতিতে কাজ করব, যাতে নতুন করে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।’
এদিন সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই প্রেসক্লাবে আসেন ইশরাক। এ সময় তার সঙ্গে কয়েকশ’ নেতা–কর্মী উপস্থিত হন। তারা প্রেসক্লাবে ইশরাকের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। বেলা পৌনে ২টার দিকে ইশরাক হোসেন প্রেসক্লাবে আসেন। এর পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।
আরও পড়ুন
- ‘দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে’
- ইশরাকের পদত্যাগ নিয়ে গুঞ্জন, গুজব বলে প্রতিবাদ!
- ‘প্রধানমন্ত্রীকে বলেছি, আমি নিজ থেকেই পদত্যাগ করতে চাই’
এর আগে সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। পোস্টে তিন লিখেন, তিনি আজ বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই নাকি তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই দিন রাতে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে তার পদত্যাগের নিউজটি গণমাধ্যমে এলে তিনি তাৎক্ষণিক বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু আজ ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন।
