রংপুরে পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলযাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় বদরগঞ্জ স্টেশন হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকারী দল স্টেশনে পৌঁছায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর রেলস্টেশন সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিলো। বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় আসলে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর রেলস্টেশন সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, রেলওয়ে বিভাগীয় সদর দপ্তরে জানানো হয়েছে। লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছে। আপাতত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
