না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। রুশনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। তবে অসুস্থতা তার সংগীতচর্চায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শারীরিক প্রতিকূলতার মধ্যেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বন্ধুকে হারিয়ে শোকাহত আনান সিদ্দিকা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, একসময় রুশনাফ তাকে বলেছিলেন, ‘আমি হয়তো বেশি দিন থাকব না।’ বন্ধুর মুখে বলা সেই কথাটি এখন তার কাছে আরও বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে। বিকল্পধারার সংগীতে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন রুশনাফ ওয়াদুদ। ‘ব্লান্ডারওয়্যার’ ও ‘দ্য অ্যাটেম্পটেড’ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে কাজ করে সংগীতপ্রেমীদের নজর কাড়েন তিনি। তার গাওয়া ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি শ্রোতাদের কাছে পরিচিত। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এর জন্য ‘নগণ্য মানুষ’ গানটিও গেয়েছিলেন তিনি। শুধু সংগীতেই নয়, অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুশনাফ। ২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’-তে অভিনয় করেন তিনি। সংগীত ও অভিনয়—দুই মাধ্যমেই নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে গেছেন এই শিল্পী।
