Published : 13 Oct 2026, 12:06 AM
Updated : 13 Oct 2026, 12:06 AM
সচিব পদে একযোগে পদোন্নতি পেয়েছেন বিদেশে তিন বাংলাদেশ মিশনের নেতৃত্ব দিয়ে আসা তিন নারী রাষ্ট্রদূত এবং হাই কমিশনার।
তাদেরকে সচিব বা গ্রেড-১ রাষ্ট্রদূত পদে পদোন্নতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন, ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং নাহিদা রহমান সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন মিশনে দায়িত্বের আগে সামিনা নাজ ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ওয়েলিংটনে তিনি প্রথম বাংলাদেশি আবাসিক হাই কমিশনার।
ভারতের মুম্বাইতে ২০১৩ সালে প্রথম ডেপুটি হাই কমিশনার হওয়ার সময় কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে প্রথমবারের মত একটি বাংলাদেশ মিশনের যাত্রা শুরু হয়েছিল। হেগ, দিল্লি এবং নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা নাজ।
অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন নাহিদা রহমান। কূটনৈতিক ক্যারিয়ারে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা এবং ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।
১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন আহসান কূটনৈতিক ক্যারিয়ারে প্রিটোরিয়া, হেগ এবং অটোয়া মিশনে বিভিন্ন দায়িত্ব সামলেছেন।
