শাহরাস্তি (চাঁদপুর): তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় সাদ্দাম হোসেন মিঠুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে টামটা যুবসমাজ।
সম্প্রতি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটায় বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাদ্দাম হোসেন মিঠুর তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে নরসিংদীর সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান সভাপতিত্ব করেন। তানজির রহমান মিজানের পরিচালনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শোরাব কাজী।
আলোচনা সভায় বক্তারা সাদ্দাম হোসেন মিঠুর এ অর্জনকে শাহরাস্তি তথা সমগ্র চাঁদপুরের জন্য এক বিরাট গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করে বলেন, তাঁর এ সাফল্য এলাকার তরুণদের খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
সংবর্ধনার জবাবে জাতীয় পর্যায়ের ইয়ুথ ভলান্টিয়ার জয়ী সাদ্দাম হোসেন মিঠু শাহরাস্তিবাসীর প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। একই সাথে এ স্বীকৃতি ও মূল্যায়নের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জনাব মমিনুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফম/এমএমএ/
