রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. নুর আমিন ফকির (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ নুর আমিন ফকির দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুর আমিন তার চার সহপাঠীর সঙ্গে দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বারপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় তার ফুফাতো ভাই ও সহপাঠী সাব্বির (৭) নুর আমিনের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করে। তবে তাকে উদ্ধার করতে না পেরে সাব্বির তীরে উঠে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
মানিকগঞ্জের আরিচা স্থলকাম স্টেশনের লিডার মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মীর সৌরভ/এমটিআই
