
বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলনে অভিযোগ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজি, জবরদখল ও মাদক কারবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসমান মাঝি বলেন, "একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ৫ আগস্টের পর থেকে আমার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও চাঁদাবাজির যে কল্পিত অভিযোগ তোলা হয়েছে, তার সাথে আমার নূন্যতম কোনো সম্পর্কও নেই।"
সংবাদ সম্মেলনে ওসমান মাঝি আরও বলেন, "আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই কোনো অপকর্মের সাথে আমি যুক্ত ছিলাম না। রূপসদী ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমার জীবনযাপন সম্পর্কে অবগত আছেন। মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।" এ সময় তিনি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত দাবি করেন এবং প্রকৃত সত্য উদঘাটন করে দেশবাসীর সামনে তা তুলে ধরার জন্য স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি
