ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে আন্তর্জাতিক প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আন্তর্জাতিক প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আরিফুল ইসলাম মুরাদ, বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুকুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মো. রাসেল ফকির, মহানগর কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং মহানগর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত থেকে কর্মসূচিতে নেতৃত্ব দেন।
এ সময় আরও বক্তব্য দেন একুশের বাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরোপ্রধান শাহ সুলতান রঞ্জু এবং দেশের ডাক পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়।
কর্মসূচিতে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতাদের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার আদায় ও সমাজসেবামূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
