
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে ব্যস্ত দুই প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নামতে হবে বাংলাদেশকে। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী লড়াইয়ে এই দুই খেলোয়াড় মাঠে থাকছেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ থমাস ডুলি।
রোববার দুপুরে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা যোগ দেওয়ার পর কোচ জানান, ‘হামজা ৯ তারিখে আসবে। ফারহানও সম্ভবত ৯ তারিখে আসবে। ওই হিসেবে দ্বিতীয় ম্যাচে তাদের পাওয়া যাবে।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, যা প্রথম ম্যাচের ছয় দিন পর। সেখানেই সম্ভবত দুজনকে দেখা যাবে।
ক্লাবের প্রতিশ্রুতি ও ফিফা আন্তর্জাতিক বিরতির নিয়মের কারণে প্রবাসী খেলোয়াড়দের সময়মতো পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিফা উইন্ডো শুরুর আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ডুলি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘লিগের ম্যাচ আছে। যে খেলোয়াড় আপনার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে আপনি ছাড়তে চাইবেন না। এমনকি ক্লাব তাকে ছাড়তে বাধ্যও নয়। তারা বলতে পারে, খেলোয়াড় আমাদের সঙ্গেই থাকবে। যখন ছাড়তে হবে, তখনই ছাড়বে। আর সেটা ৮ তারিখ।’
তিনি আরও বলেন, ‘তারা ৯ তারিখে রওনা দিতে পারে, আবার ম্যাচের পরপরই রওনা হতে পারে। কখন ফ্লাইট পাচ্ছে, তার ওপর বিষয়টি নির্ভর করছে। তাই অনেকে যতটা সহজ মনে করেন, বিষয়টা তত সহজ নয়।’
ক্যাম্পের জন্য নির্বাচিত ৩০ জনের মধ্যে রবিবার ২১ জন টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেছেন। হামজা ও ফারহান ছাড়া বাকি প্রবাসী খেলোয়াড়দের ৩ নভেম্বরের মধ্যে যোগ দেওয়ার কথা। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে প্রায় পূর্ণ দল পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।
১৮ অক্টোবর সাফ কর্তৃপক্ষের কাছে ২৮ সদস্যের চূড়ান্ত তালিকা জমা দিয়েছেন ডুলি। তবে চোট বা ফিটনেস সমস্যার কারণে শেষ মুহূর্তে খেলোয়াড় বদলানোর সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তালিকায় সংখ্যা ২৮-এ সীমাবদ্ধ থাকায় দেরিতে যোগ দেওয়া কেউ চোটে পড়লে বা ফিটনেসে ঘাটতি থাকলে প্রস্তুতির সময় কম থাকবে।
ডুলি বলেন, ‘কেউ যদি গতকাল ম্যাচ খেলে আজ আসে, আর তার হাঁটুতে সমস্যা থাকে, তাহলে আমরা কী করতে পারি? কিছুই না। আমাদের তাকে খেলার জন্য প্রস্তুত করতে হবে।’ ডিফেন্ডার তপু বর্মণও সামান্য ফিটনেস সমস্যা নিয়ে ফিরেছেন বলে জানিয়েছেন কোচ।
ঘরের মাঠে সাফে ভালো ফলের আশায় থাকা বাংলাদেশ দলের জন্য প্রথম ম্যাচে এই অনুপস্থিতি বড় ধরনের হিসাবের বিষয় হয়ে উঠেছে। কোচ ও দল ব্যবস্থাপনা এখন উপস্থিত খেলোয়াড়দের নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে ব্যস্ত।
