ছবি: শুভ্র রায়Eisamay.com
Published on
:
1 min read
মণ্ডপ ও আলোকসজ্জায় দর্শনার্থীদের মন জয় করেছিল উত্তর কলকাতার হাতিবাগানের কাছে অন্যতম বড় পুজো চোরবাগান সর্বজনীন। ষষ্ঠী থেকেই এই পুজোয় দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে। সেই মণ্ডপেই দুর্ঘটনা ঘটল শনিবার সন্ধ্যায়। পদপিষ্ট হলেন একাধিক দর্শনার্থী। ঠিক কী ঘটেছিল দুর্ঘটনার সময়ে?
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে একদল দর্শনাথী মণ্ডপে ঢোকার পরে তাঁরা বৃষ্টির জন্য বেরোচ্ছিলেন না। আর ঠিক সেই সময়ে নতুন দর্শনার্থীরা জোর করে ভিতরে ঢুকে যান বলে অভিযোগ। সেই সময়ে পদপিষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। কমপক্ষে ৩০ জন দর্শনার্থী জখম হয়েছেন বলে লালবাজার সূত্রে খবর। জখম দর্শনার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স।
মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে হাঁটাপথে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ। এ দিন দুপুরের পর থেকেই লম্বা লাইন পড়তে শুরু করে পুজো মণ্ডপে। পুজো মণ্ডপের ভলান্টিয়ার, পুলিশ দর্শনার্থীদের লাইন নিয়ন্ত্রণ করে। সন্ধ্যা ৬টার পর থেকে ভিড় ক্রমশ বাড়তে থাকে। এর মাঝেই বৃষ্টি শুরু হাওয়াতেই বাড়ে বিপত্তি। বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে দর্শনার্থীরা অপেক্ষা করতে থাকেন। এ দিকে দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে হঠাৎ করেই একদল দর্শনার্থী মণ্ডপের ভিতরে ঢুকে পড়তে শুরু করেন। তখনই শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি। মাটিতে পড়ে যান বহু দর্শনার্থী। আহত হন একাধিক। শেষমেশ পুজো উদ্যোক্তাদের তরফে মণ্ডপের এল নিভিয়ে দেওয়া হয়। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
