প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীতে পৌঁছান তিনি।
মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে বিশেষ সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
এর আগে, মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন করেন তিনি।
সেখান থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা দেন। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে খেলাসামগ্রী উপহার দেন। পরে বাসযোগে রংপুরে যাওয়ার পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দেন। এতে প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান৷ রংপুরে যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
পরে তাকে বহনকারী বাস রংপুরের উদ্দেশে যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
রংপুর সফর শেষে দুপুরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে পৌঁছান।
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহীর মাদ্রাসা মাঠ সাজানো হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা করা হয়েছে। সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন রয়েছে। সেই সব ব্যনার ও ফেস্টুনে প্রধানমন্ত্রীর আগম ঘিরে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।
রাজশাহীতে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টায় তিনি মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।
রাজশাহীতে পৌঁছে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
রাজশাহী সফর শেষে বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকা ফিরবেন।
