আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে চান্দিনায় পুবালী ব্যাংকের উদ্যোগ
ডিজিটাল লেনদেনের প্রসার, আধুনিক ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা প্রচার এবং নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চান্দিনায় পুবালী ব্যাংক পিএলসির আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুবালী ব্যাংক পিএলসি চান্দিনা শাখা সোমবার (১২ অক্টোবর ২০২৬) এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে চান্দিনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আরআরএম ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য। এছাড়া নিমসার শাখার শাখাপ্রধান সজিব গুহ এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ওয়ালি উল্লাহসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব অতি দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার কোনো বিকল্প নেই। বক্তারা নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেনের স্বার্থে গ্রাহকদের অনলাইন আর্থিক প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু তাহের, ব্যবসায়ী আলমগীর ভূঁইয়া, শাহাদাত হোসেন পাটোয়ারী এবং মো. সবুজ পাটোয়ারীসহ স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা তাঁদের নানা মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
একই সাথে ব্যাংকের পক্ষ থেকে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের কিউআর কোডভিত্তিক লেনদেনের পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয় এবং বিশিষ্ট ব্যবসায়ীদের মাঝে পিওএস মেশিন ও কিউআর কোড-সংবলিত ক্রেস্ট বিতরণ করা হয়।
চান্দিনা শাখার কর্মকর্তা খাদিজা আক্তার, মো. সাইফুল ইসলাম, মো. আরিফ হোসেন, মো. তানজিল হোসেন ও মো. ফারুক হোসেনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকদের আশা, এই ধরনের উদ্যোগ এলাকায় আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়িয়ে তুলবে।
The post আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে চান্দিনায় পুবালী ব্যাংকের উদ্যোগ appeared first on Rising Cumilla.
