শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ অক্টোবর তিনি রাজশাহী সফরে আসছেন। দুপুরে মন্দির পরিদর্শন শেষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে আরএমপিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
সভা শেষে মন্ত্রী বলেন, ‘এর আগে কোনো সরকারপ্রধান পূজার সময় রাজশাহীতে আসেননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন-এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারাও রাজশাহীকে খুব ভালোবাসতেন এবং বারবার এখানে এসেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতায় রাজশাহীবাসীকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দেন।’
প্রধানমন্ত্রীর এই সফরকে সুশৃঙ্খল, সুন্দর ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তিনি জানান, নিরাপত্তা ও শৃঙ্খলায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
