বিশ্বমঞ্চে আরও এক মাইলফলক স্পর্শ করল বাংলা কনটেন্ট। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়ে ঐতিহাসিক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'হইচই'। এই চুক্তির সুবাদে আগামী দুই বছরে হইচইয়ের প্রশংসিত সব সিরিজ এবং নতুন অরিজিনাল গল্পগুলো হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকরা।
বিশেষ করে এই চুক্তির আওতায় নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে বাংলাদেশের দুটি অত্যন্ত আলোচিত ও দর্শকপ্রিয় প্রডাকশন আশফাক নিপুনের নির্মাণে বহুল প্রশংসিত থ্রিলার সিরিজ 'মহানগর' এবং অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় 'বোহেমিয়ান ঘোড়া' (শাদী কা সিয়াপ্পা)। এর ফলে আন্তর্জাতিক দর্শকদের সামনে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশি ওয়েব কনটেন্ট।
বাংলাদেশি প্রডাকশনের পাশাপাশি এই বিশাল তালিকায় আরও যুক্ত হয়েছে 'ম্যাডাম ইন্সপেক্টর', 'সম্পূর্ণা', 'লজ্জা', 'একেন', 'অজানা ছায়া', 'দ্য কার্স অব পারনাশাবাড়ী', 'ব্লাডলাইনস', 'দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা', 'রাত অভি বাকী হ্যায়', 'অচিন্ত্য: ট্রায়াল বাই ল'জ', 'কুইন্স' এবং 'পরিণীতা: এ লাভ স্টোরি'-র মতো জনপ্রিয় সব কনটেন্ট।
হইচইয়ের নতুন অরিজিনাল রিলিজগুলো নিজেদের প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি একই সঙ্গে নেটফ্লিক্সে হিন্দি, তামিল এবং তেলুগু ডাবিংয়ে মুক্তি পাবে। এই সারির অগ্রভাগে রয়েছে লোককথাভিত্তিক হরর সিরিজ 'দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি'। জিতু কামাল, শোলাঙ্কি রায় এবং পাওলি দাম অভিনীত এই সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী মাসগুলোতে আরও নতুন নতুন আকর্ষণীয় কনটেন্ট প্ল্যাটফর্মটিতে যুক্ত হবে।
শুধু তাই নয়, এই অংশীদারিত্বের অংশ হিসেবে হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন কিছু অরিজিনাল সিরিজও নির্মাণ করা হবে। এই প্রজেক্টগুলোতে হইচইয়ের জনপ্রিয় গল্পগুলোকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তোলা হবে, যা বিশ্বমঞ্চে নতুন সৃজনশীল কণ্ঠস্বর ও প্রতিভার পরিচয় ঘটাবে। এই নতুন প্রডাকশনগুলোর বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
