আজকাল ওয়েবডেস্ক: হাতে গীতা নিয়ে অধীর অপেক্ষায় ৯০ বছরের বৃদ্ধ! মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েই, নিজের হাতে নিয়ে আসা গীতা মুখ্যমন্ত্রীর তুলে দিলেন। মুখ্যমন্ত্রীও বৃদ্ধের হাত থেকে গীতা গ্রহণ করেন। বহুক্ষণ ধরে মনের মধ্যে লালন করা ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দে কেঁদে ফেলেন ৯০ বছরের ওই বৃদ্ধ।
তাঁর চোখেমুখে তখন আবেগ আর আনন্দের ছাপ স্পষ্ট। যে মানুষটিকে একবার দেখার জন্য এত দূর থেকে ছুটে এসেছিলেন, তাঁকে সামনে পেয়ে এবং নিজের হাতে গীতা তুলে দিতে পেরে আপ্লুত হয়ে পড়েন তিনি।
সেই সময় মুখ্যমন্ত্রী বৃদ্ধকে ভাল থাকার বার্তাও দেন। তাঁকে বলেন, ‘ভালো থাকুন। আশীর্বাদ করুন।’ মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন জ্ঞানেন্দ্র সর্দার। তাঁর কাছে এই কয়েক মুহূর্তের সাক্ষাৎ হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
প্রশাসনিক বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যেও এই ঘটনা এদিন আলাদা করে নজর কাড়ে। একদিকে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে বৈঠক, অন্যদিকে এক প্রবীণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা পূরণের আবেগঘন ছবি—দুইয়ের মেলবন্ধনে কাকদ্বীপে তৈরি হয় এক অন্যরকম মুহূর্ত।
৯০ বছরের জ্ঞানেন্দ্র সর্দারের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ নিছক সৌজন্য বিনিময় নয়। নিজের হাতে গীতা তুলে দেওয়া, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভালো থাকার বার্তা পাওয়া এবং তাঁর সামনে নিজের আবেগ প্রকাশ করতে পারা—সব মিলিয়ে এই দিনটি তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে বলে জানাচ্ছেন।
উল্লেখ্য, গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মেলার প্রস্তুতি এবং পরিকাঠামোগত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কাকদ্বীপের রবীন্দ্রভবনে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতেই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর রবীন্দ্রভবনে শুরু হয় প্রশাসনিক বৈঠক। মূলত আসন্ন গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও বৈঠকে যোগ দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদার, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর জানা, সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মণ্ডল এবং ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাংশু পাণ্ডা। প্রশাসনিক বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
