সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (১৯ অক্টোবর) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই অটো গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করে তাঁদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আর জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
