জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে দল ব্যাকফুটে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সের উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতেই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। এবার সেটার পুরস্কার পেলেন টাইগার পেসার।
আজ বুধবার (২১ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন তাসকিন। একই সঙ্গে বোলিং র্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও বল হাতে বেশ কার্যকর ছিলেন তাসকিন। ৪৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে একলাফে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২ নম্বর স্থানে উঠে এসেছেন এই স্পিডস্টার।
অন্যদিকে, আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪৭ রানে ২ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। বর্তমানে শরিফুল (৫৮৭) ও তাসকিনের (৫৮৬) রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। দুজনই এখন ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
বর্তমানে ওয়ানডে বোলারদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে একমাত্র বাংলাদেশি হিসেবে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ এই অফস্পিনিং অলরাউন্ডারের অবস্থান বর্তমানে ৯ নম্বরে।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলে ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। বর্তমানে ব্যাটারদের তালিকায় তানজিদের ওপরে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার।
সংশ্লিষ্ট সংবাদ: তাসকিন আহমেদ
২৮ মে ২০২৬
২৩ মে ২০২৬
১০ মে ২০২৬
