শেরপুর প্রতিনিধি
বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) শেরপুর থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। সেটি থেকে তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়েছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে দুর্ঘটনাস্থলে তার সঙ্গে থাকা সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
The post কাজের প্রয়োজনে গিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে, কর্মস্থলে ফেরা হলো না পুলিশের এসআইয়ের appeared first on দৈনিক আমার কাগজ.
