বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দিতে আনসার-ভিডিপি'র সদস্যরা প্রস্তুত রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ভাঙ্গুড়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২১ মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সর্বমোট ১৩৬ জন আনসার-ভিডিপি'র সদস্য দায়িত্ব পালন করবেন। সব অপশক্তি রুখে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করার আহ্বান জানানো হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের উজ্জ্বল প্রকাশ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টি আই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, ভিডিপি দলনেতা মো. আছাদুল হক, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
