নিজস্ব প্রতিবেদক:
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তীব্র বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী একটি অভিযানে নামেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরে সেই অভিযানের ভিডিও প্রতিমন্ত্রীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে ইশরাক হোসেনকে অস্ত্র হাতে হুকুম দিতে এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো আচরণ করতে দেখা যায়। একজন প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য এভাবে ব্যক্তিগত অস্ত্র উঁচিয়ে কিংবা নিজ হাতে আইন প্রয়োগে অভিযানে নামতে পারেন কি না—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি বিএনপি ও সরকারের অভ্যন্তরীণ মহলেও বিষয়টি নিয়ে অস্বস্তি তৈরি হয়।
যদিও ইশরাক হোসেন এক বিবৃতিতে দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে এবং সামাজিক প্রতিরোধ গড়ার উদ্দেশ্যেই তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র সাথে রেখেছিলেন, কাউকে ভয় দেখানো বা আইন অমান্য করার মানসিকতা ছিল না। ঘটনার পর ডিএমপির পক্ষ থেকেও বিষয়টির আইনি ব্যত্যয় খতিয়ে দেখতে তদন্তের কথা জানানো হয়েছিল।
এমতাবস্থায় ঘটনার একদিনের মাথায় সরকারের স্বচ্ছতা ও মন্ত্রীদের আচরণের প্রতি কঠোর বার্তা দিতে প্রধানমন্ত্রী এই পদত্যাগের নির্দেশনা দিলেন বলে ধারণা করা হচ্ছে। রাত পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) এ সংক্রান্ত বার্তা প্রচার করা হয়। তবে ইশরাক হোসেনের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তায় নির্দেশনার খবরটি সঠিক নয় বলে দাবি করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
