সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
-->রাঙামাটির সাজেকে সশস্ত্র ইউপিডিএফের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলির ঘটনায় নিরাপত্তাঝুঁকিতে পড়েন সেখানে বেড়াতে যাওয়া প্রায় ৩ হাজার পর্যটক। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, রাঙামাটি জেলার সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউপিডিএফ স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে।
আরও পড়ুন
এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলাকালে সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেয়।
এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়।
আলোচনা চলাকালে, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং পুনরায় পর্যটকবাহী যানবাহনের চলাচলের ব্যবস্থা নেয়।
পরবর্তীতে সকাল আনুমানিক ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসএন/
আরও পড়ুন
হাম উপসর্গে দুইজনের মৃত্যু, নতুন রোগী ১০৩১
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন রোগী এসেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ১৭ হাজার ৭৬০ জন।
আরও পড়ুন
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০৫ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে ১২৫ জন, চট্টগ্রামে ২০০ জন, বরিশালে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৮১ জন এবং রংপুরে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন।
এএফ/
আরও পড়ুন
লালমনিরহাটে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ত্রাণমন্ত্রীর
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->লালমনিরহাটে ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ এই স্লোগানকে সামনে রেখে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজারসংলগ্ন ডিসি পার্কে নিজ হাতে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন দুর্যোগ ও নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের প্রবণতা ও প্রাণহানি বেড়েছে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘একসময় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটত। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই প্রাণহানি অনেকটাই শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ায় যে পরিবর্তন এসেছে, তাতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম, সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রধান শিক্ষক একরামুল হক সরকার, প্রভাষক হারুন উর রশিদ, আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলাম, রমজান আলী মুরাদসহ শতাধিক স্বেচ্ছাসেবী।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। এর আগে সংগঠনটি লালমনিরহাটের তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত রেলপথের দুই পাশে প্রায় ৪০ হাজার তালবীজ রোপণ করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন করে আসছে সংগঠনটি।
জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ রোপণের এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।
এমআই বকুল/অলি/
আরও পড়ুন
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
-->সুন্দরবন পরিদর্শন শেষে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন
সুন্দরবন পর্যবেক্ষণ থেকে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতি, বন্দর ও অর্থনৈতিক সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বন্দরের জেটি, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা গুরুত্ব পাবে। স্থানীয়দের প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে থমকে থাকা প্রকল্প বাস্তবায়নে গতি আসবে। বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
এর আগে, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তারেক রহমান।
অন্তরা/
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঢাকা-আরিচা মহাসড়কে আলোচিত সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক।
এর আগে জেলার শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হওয়ার পর মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
নিহত ব্যক্তিরা হলেন ইয়াসিন (২২) ও বাবলু (২৮)। তারা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনে চলাচল বন্ধের দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি পীযূষ ফাইটার।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।’
আসাদ জামান/অন্তরা/
