ফুটবল মাঠে তাঁর হাসি, ড্রিবলিং আর অবিশ্বাস্য কারুকাজ একসময় মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। অবসরের পরও সেই জাদুকরকে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর। আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচটি হতে পারে তাঁর নতুন অধ্যায়ের সূচনা।
বিজ্ঞাপন
রাভেন্না রোনালদিনহোর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রাভেন্নার স্তাদিও ব্রুনো বেনেল্লিতে। ক্লাবটির ভাষ্য, রোনালদিনহোর প্রত্যাবর্তন ফুটবলবিশ্বের নজর কাড়বে। তাঁর হাসি, প্রতিভা ও খেলার আনন্দ বহু প্রজন্মের সমর্থককে মুগ্ধ করেছে।
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রোনালদিনহো। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। তাঁর পায়ের জাদু, নিখুঁত ফ্রি-কিক ও প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা তাঁকে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় খেলোয়াড়ে পরিণত করেছে।
রোনালদিনহোর শেষ প্রতিযোগিতামূলক পেশাদার ম্যাচ ছিল ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। চলতি বছরের জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হওয়ার খবর সামনে এলেও তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার ক্লাবের ঘোষণায় সেই অপেক্ষা নতুন মাত্রা পেয়েছে।
রাভেন্না বর্তমানে ইতালির সিরি সি-র গ্রুপ বি-তে খেলছে। ১৫ নভেম্বরের ম্যাচটি তাই শুধু একটি স্থানীয় ডার্বি নয়; ফুটবলপ্রেমীদের কাছে হতে পারে অতীতের জাদুকরকে আবার মাঠে দেখার বিরল সুযোগ। তবে দীর্ঘ বিরতির পর ৪৬ বছর বয়সে তাঁর পারফরম্যান্স কেমন হয়, সেটিই হবে দেখার বিষয়।
-ab38d0.jpeg&w=1440&q=75)