ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জকে শান্তি, উন্নয়ন ও মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি । আমান বলেন, বর্তমান বিএনপি সরকার একটি জনবান্ধব সরকার। জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন, সরকার তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিএনপি যা বলে, তা করে দেখায়।
আজ শুক্রবার (৩ জুলাই) কেরানীগঞ্জের চর ওয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণ এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে চলতি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। খুব শিগগিরই হেলথ কার্ডও চালু করা হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশকে বিদেশ থেকে চাল আমদানি করতে হলেও পরবর্তীতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
আমান উল্লাহ আমান বলেন, শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। তাই সবাইকে শিক্ষিত হতে হবে। আগামী ১ নভেম্বর চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, কেরানীগঞ্জের যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন বিদ্যালয় নির্মাণ করা হবে। যেখানে মাধ্যমিক বিদ্যালয় নেই সেখানে হাই স্কুল এবং যেখানে কলেজ নেই সেখানে কলেজ প্রতিষ্ঠা করা হবে। অর্থের অভাবে যেন কেরানীগঞ্জের কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমান বলেন, কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুতা থাকতে দেওয়া হবে না। মাদক সব ধরনের অপরাধের মূল উৎস। এটি পরিবারকে ধ্বংস করে এবং সমাজ ও রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। কেউ মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদস্যুতার সঙ্গে জড়িত থাকলে তিনি বিএনপির কর্মী হলেও তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, বাবুবাজার সেতু, ওয়াশপুর সেতু, হযরতপুরের আলিপুর সেতুসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। কেরানীগঞ্জে এমন কোনো এলাকা নেই যেখানে রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়নি।
তিনি বলেন, ১৯৯১ সাল থেকে পাঁচবার কেরানীগঞ্জের জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। একসময় কেরানীগঞ্জের ৯৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না, কিন্তু বর্তমানে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।
আমান বলেন, কেরানীগঞ্জকে উন্নয়ন, শান্তি, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক শহরে পরিণত করাই তার লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, “অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।”
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
