পূজামণ্ডপে সিনেমার প্রচারে একসাথে সৌরভ গাঙ্গুলি ও রাজকুমার রাও
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
পর্দায় সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও। দুর্গোৎসবে কলকাতায় পা রেখেছেন অভিনেতা। অষ্টমীর দুপুর গড়াতেই রাজকুমার পৌঁছে যান ম্যাডক্স স্কয়ারে। আসেন সৌরভ গাঙ্গুলিও।
বালিগঞ্জের বিখ্যাত পূজামণ্ডপ ম্যাডক্স স্কয়ারে একসঙ্গে ঢাক বাজান বাস্তবের ও পর্দার ‘দাদা’। অষ্টমীর দিন ঢাক বাজিয়ে তারা শুরু করেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রচার।
রাজকুমারের পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি, তার উপরে সুতোর কাজ করা এবং ঘিয়ে রঙের পাজামা। সৌরভ পরে গিয়েছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। সৌরভের সঙ্গে এই দিন ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী। সৌরভ ও রাজকুমারকে দেখতে ভিড় জমে যায় মণ্ডপে।
ম্যাডক্স স্কয়ার থেকে বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার কথা অভিনেতার। তবে কলকাতায় এসেই অভিনেতা প্রথমে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়কের বাড়িতেও হয় দুর্গাপুজা। সেখানে পুষ্পাঞ্জলিও দিয়েছেন রাজকুমার। সেখানে লুচি ও আলুর তরকারিও খেয়েছেন তিনি। তার পরেই একজোটে তারা বেরিয়েছেন আসন্ন ছবি ‘দাদা’-র প্রচারের জন্য।
রাজকুমারকে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা তো যোগাযোগে বহু দিন ধরেই আছি। তবে রাজকুমারকে দুর্গাপুজা দেখানোই আমার এখন মূল উদ্দেশ্য। এমন উৎসব তো সচরাচর ও দেখতে পাবে না।’
অভিনেতার কথায়, ‘এ এক দারুণ অনুভূতি। বহু বছর আগে পত্রলেখার (রাজকুমারের স্ত্রী) সঙ্গে এসেছিলাম কলকাতায় দুর্গাপুজা দেখতে। আর এ বার তো দাদার ভূমিকায় অভিনয় করছি। তাই অনুভূতি অসাধারণ।’
উল্লেখ্য, সৌরভের বায়োপিক (আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র) তৈরির কাজ পুরোদমে চলছে। সেখানে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। বলিউডের পোড়খাওয়া অভিনেতা ইতিমধ্যেই ইডেন গার্ডেন, সৌরভের বাড়িতে শুটিং করে গিয়েছেন। তবে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথম বার সেই দৃশ্য দেখা যাবে। সঙ্গে ছবির আরও কয়েক জন কলাকুশলী থাকতে পারেন।
সৌরভ গাঙ্গুলির বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। ভারতীয় সমর্থক তো বটেই, গোটা বিশ্বের কাছে এই নামেই পরিচিত তিনি। সেই কারণেই নির্মাতারা ‘দাদা’ নাম দিয়েছেন ছবির।
প্রসঙ্গত, রাজকুমার রাও অভিনীত সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আনন্দবাজার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
