চাঁপাইনবাবগঞ্জে মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন নাচোল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান। গত সেপ্টেম্বর মাসে সফল অভিযান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ মাসে নাচোল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই জিয়াউর রহমান। মাদক উদ্ধার ও অভিযানে পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মো. জিয়াউর রহমান বলেন, এ অর্জন তাঁর একার নয়; নাচোল থানার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফল। এ সম্মাননা তাঁকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। মাদক ও অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এ স্বীকৃতি থানার পুরো দলের জন্য গর্বের। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভালো কাজের জন্য পুরস্কার এবং কর্তব্যে অবহেলার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসআই জিয়াউর রহমানের সাফল্য অন্য কর্মকর্তাদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, জিয়াউর রহমানের এ অর্জনে নাচোল থানার পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
The post চাঁপাইনবাবগঞ্জে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান appeared first on ভোরের চেতনা.
