ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া স্বর্ণের কানের দুল, পিতল ও তামার বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১২ অক্টোবর গভীর রাতে মন্দিরে চুরির ঘটনায় মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং আকাশ মালদার ওরফে হাসিবকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাজুল ইসলাম (৬২) নামে আরও একজন পলাতক রয়েছেন।
আখাউড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার জারু মিয়ার বাড়ি থেকে স্বর্ণের কানের দুল, চারটি নকল মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়। পরে তাজুল ইসলামের ভাঙারির দোকান থেকে বিভিন্ন দেবদেবীর পিতলের মূর্তি, করতাল, তামার বাটি, প্রদীপসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
