অনলাইন ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও তাদের মধ্যে সন্দেহ রয়েছে। তার ভাষ্যে, প্রশাসনের বিভিন্ন স্তরে এমন কিছু শক্তি আছে যারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে এবং কৌশলগতভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।
রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানের সঙ্গে বৈঠক করে। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহও উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় থাকায় কমিশনের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈঠকে আরপিও, সীমানা পুনর্নির্ধারণ এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়। রিজভী জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে সামগ্রিক বিষয় আলোচনা হলেও নির্দিষ্ট কোনো আসন নিয়ে কথা হয়নি।
রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে বিএনপি আশা করে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই এ হামলা নিন্দনীয়। তার ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
আরেক প্রশ্নে তিনি বলেন, কে নিবন্ধন পাবে তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিএনপির প্রত্যাশা—সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন।
