Published on
:
2 min read
দিগন্ত মান্না কোলাঘাট
পুজোর কয়েক মাস আগে থেকে নাওয়া খাওয়া ভুলে যান ওঁরা। ওঁরা মানে প্রতিমা শিল্পী, লাইট ম্যান, ডেকোরেটর, থিম মেকার, প্রতিমার অলঙ্কার তৈরির কারিগর। এঁদের এক একজন যেন দশভুজার এক একটি বাহু। অথচ পুজোর জাকজমকের আড়ালে কার্যত ব্রাত্যই থেকে যান ওঁরা। এই সব শিল্পীদের সম্মানিত করতে উদ্যোগী হয়েছে কোলাঘাট নতুন বাজারের সঙ্কেত ও ছাত্র সঙ্ঘের পুজো কমিটি। তৃতীয়ার দিন কোলাঘাটের একশো জন কারিগরের হাতে উদ্বোধন হবে সঙ্কেতের দুর্গোৎসবের। এমন উদ্যোগে খুশি পুজোর সঙ্গে যুক্ত শিল্পী, মণ্ডপের কারিগর থেকে আলোকশিল্পীরা।
পুজোর এ বার ৫৪ তম বছর। প্রতিবার সঙ্কেতের পুজোর উদ্বোধনে চমক থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। প্রতিমা শিল্পী, থিম মেকার, অলঙ্কার শিল্পী থেকে ডেকোরেটর, লাইটম্যান, সাউন্ড অপারেটর—পুজোর গুরু দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদের হাত ধরেই উদ্বোধন হতে চলেছে সঙ্কেত ও ছাত্র সঙ্ঘ দুর্গোৎসবের। আজ মঙ্গলবার কোলাঘাট এলাকার একশো পুজোর কারিগর প্রদীপ প্রজ্জ্বলন করে সঙ্কেতের দুর্গোৎসবের উদ্বোধন করবেন। প্রত্যেককে সম্মানিত করা হবে অনুষ্ঠানে। রয়েছে মিষ্টিমুখের আয়োজন। জীবনে প্রথমবার এমন সম্মান পাওয়ায় খুশি কোলাঘাটের পুজোর শিল্পী ও কারিগররা। প্রতিমাশিল্পী রাজেশ পাল বলেন, ‘এত বছর ধরে প্রতিমা গড়ছি। কোনওদিন পুজোর উদ্বোধন করিনি। আমার কাছে এটা অনেক বড় সম্মান। উদ্যোক্তাদের ধন্যবাদ।’ কোলাঘাটের শোলার গয়নাশিল্পী নিমাই মালাকারও সঙ্কেতের পুজোর উদ্বোধনে ডাক পেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের হাতের তৈরি গয়নায় দেবী সেজে ওঠেন। কিন্তু আমাদের কেউ মনে রাখে না। প্রথমবার উদ্বোধনে যাব। এটা আমার কাছে আনন্দের, সম্মানের।’
পুজো উপলক্ষে এক মাস আগে রাজ্যের ১৬টি জেলার প্রায় ১৮০ জনের শরীরে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করেছে সঙ্কেত। পঞ্চাশ হাজার মানুষকে পুজোয় ভোগ খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। পুজো কমিটির সভাপতি অভিজিৎ সামন্ত বলেন, ‘পুজো উপলক্ষে দু’শোর বেশি বয়স্ক মানুষের হাতে চলাফেরার সুবিধায় স্টিলের লাঠি, ক্রাচ ও হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে। দু’শোর বেশি মানুষকে পাওয়ার চশমা দেওয়া হবে।’ পুজো কমিটির সম্পাদক সম্রাট ভৌমিক বলেন, ‘পুজো দেখে দর্শনার্থীরা আনন্দ পান। কিন্তু পুজোর যাবতীয় আয়োজনের পিছনে যাঁদের কঠোর পরিশ্রম থাকে তাঁরাই আড়ালে থেকে যান। তাঁদের সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা ধন্য। পুজোয় ওঁরাই আমাদের কাছে প্রকৃত সেলিব্রিটি।
