অনলাইন ডেস্ক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপির বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ অক্টোবর এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আজ অনুষ্ঠিত জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হলে এ প্রতিবাদ জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেন যে, দেশের সামগ্রিক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য অনুধাবনের জন্য এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপিত হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করার এবং বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন ও যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করে ধর্ম মন্ত্রণালয়।
এটিভি/ এম এইচ আই
