দাবানলের জেরে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
চলতি বছর, ইন্দোনেশিয়ার বন ও পিটভূমিতে একের পর এক ভয়াবহ দাবানল দেখা গেছে। সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে, এই দাবানল মোকাবিলায় আরও পদক্ষেপ নিতে বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার, দক্ষিণ কালিমান্তান প্রদেশে একটি বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
প্রধানত কালিমান্তান ও সুমাত্রায় আগুন ছড়িয়ে পড়েছে এবং সেগুলো নেভানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে তোলা দাবানলের চিত্র বিশ্লেষণ করা একটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের অনুমান অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯ হাজার বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার ভাষ্যানুযায়ী, শুষ্ক মৌসুম ও এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা দাবানল সহজে ছড়িয়ে পড়ায় সহায়ক হয়। সংস্থাটি আরও জানায় যে, বর্ষা মৌসুমও স্বাভাবিকের চেয়ে দেরিতে আসছে।
ইন্দোনেশীয় সরকারের ভাষ্যানুযায়ী, বুধবার পর্যন্ত গত দুই মাসে দাবানলের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।