কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় লোকজন দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর গ্রামসংলগ্ন পদ্মা নদীতে ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখে। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপর পক্ষের সদস্যরা স্পিডবোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যায়। পরে প্রতিপক্ষরা এসে স্পিডবোট দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার সময় নদীতীরবর্তী পানবরজে কাজ করছিলেন স্থানীয় চাষিরা। তাঁরা বলেন, ঘটনার সময় কয়েকটি গুলির শব্দ শুনতে পান তাঁরা। এর কিছুক্ষণ পরেই তাঁরা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া দেখতে পান। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে।
ঘটনার বিষয়ে রাত আটটার দিকে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কাজ করছে। কাজ শেষ করে আসলে বিস্তারিত জানা যাবে। তারা স্পিডবোট খুঁজছে।