‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিতাক্ষর’ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী আসলাম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ ছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত ও উন্নত বিশ্ব গড়ে তুলতে পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পণ্যের মান নিয়ন্ত্রণ ও মানসম্পন্ন উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
The post যশোরে বিশ্ব মান দিবস উদযাপন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ appeared first on ভোরের চেতনা.
