পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একজন করে, ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন ও পুরকৌশল বিভাগের দুইজন, ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের একজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একজন করে শিক্ষার্থী এ শাস্তির আওতায় পড়েছেন। অর্থাৎ,২১ সিরিজে দুইজন, ২২ সিরিজে দুইজন, ২৪ সিরিজে পাঁচজন এবং ২৫ সিরিজে তিনজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।
গৃহীত সিদ্ধান্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হয়েছে। ২১ সিরিজের দুই শিক্ষার্থীর ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর ১ম বর্ষ ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর ১ম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার শেষে পুনঃভর্তি হয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।
শাস্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার সময় জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একজন শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অসদুপায়ের মতো কর্মকাণ্ড শিক্ষার্থীর ব্যক্তিগত ভবিষ্যতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্যও উদ্বেগজনক।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার উভয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।” এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত রাখবে রুয়েট প্রশাসন।
