প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী। মনের দুঃখে হরিদ্বারে মোবাইল টাওয়ারে উঠে বসলেন উত্তরপ্রদেশের যুবক। নামানোর শর্ত হিসাবে জানিয়েছেন বিশেষ দাবি। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সোমবার হরিদ্বারের শিবালিক নগরে এই নাটকীয় এবং অদ্ভুত ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক যুবক হরিদ্বারের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন এবং নীচে নামতে অস্বীকার করেন। খবর, স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাওয়ায় পর ওই যুবক মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর মধ্যেই তিনি জানতে পারেন, স্ত্রী উত্তরপ্রদেশেরই অন্য এক জনের সঙ্গে পালিয়ে হরিদ্বারে চলে গিয়েছেন। এর পর সেখানেই ছুটে যান তিনি। উঠে পড়েন শিবালিক নগরের মোবাইল টাওয়ারে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা অনেক বুঝিয়েও যুবককে নীচে নামানোর চেষ্টায় ব্যর্থ হন। যুবক জানান, প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী। স্ত্রীকে ফিরিয়ে আনলে তবেই মোবাইল টাওয়ার থেকে নীচে নামবেন তিনি।
শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং যুবককে নিরাপদে নীচে নামানোর চেষ্টা শুরু করে। তবে প্রাথমিক ভাবে পুলিশও ব্যর্থ হয়। ওই যুবক তাঁর অবস্থান থেকে নড়তে বা নীচে নামতে রাজি হননি। তিনি জোর দিয়ে জানান, স্ত্রীকে ঘটনাস্থলে আনতে হবে এবং সাফ জানিয়ে দেন স্ত্রী না আসা পর্যন্ত তিনি নীচে নামবেন না। তাঁর এই দাবির মুখে পুলিশকে এক দিকে তাঁকে শান্ত রাখার এবং অন্য দিকে তাঁকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা চালাতে হয়। তবে হাল ছাড়েননি পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যুবককে নীচে নামানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও টাওয়ারের উপরই বসে থাকেন যুবক।
তবে আশ্চর্যজনক ভাবে সন্ধ্যা গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে অচলাবস্থার অবসান ঘটে। টাওয়ারে দীর্ঘ সময় কাটানোর পর অন্ধকার নামলে ওই ব্যক্তি নিজেই নীচে নেমে আসেন এবং এই টান টান উত্তেজনার পরিস্থিতির সমাপ্তি ঘটে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভূপি পাওয়ার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।
