শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৪৭টি সার্বজনীন পূজামণ্ডপে ২ লাখ ৮২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় পৌরসভা সভাকক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। এসব দাবি পূজা শুরুর আগেই বাস্তবায়নের আশ্বাস দেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
সভাপতির বক্তব্যে রফিকুল হাসান বলেন, পূজামণ্ডপে যাতায়াতের অনুপযোগী সড়কগুলো চলাচলের উপযোগী করা হবে। পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া, নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা উত্তর কুমার কুন্ডু।
এ সময় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ফ্রন্টের যুগ্ম সম্পাদক অধ্যাপক অলোক কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান ও জুবাউর রহমান, সাইফুল ইসলাম তুহিন, ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, মেহেদী হাসান, আবু বক্কার, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, নাজমুল হোসেনসহ জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে পৌর এলাকার ৪৭টি সার্বজনীন পূজামণ্ডপের কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। মোট ২ লাখ ৮২ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করে যশোর পৌরসভা।
