মো: মাহবুবুর রহমান রাহেল : জেলা প্রশাসক কার্যালয়ের সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের উন্নয়ন এবং আগত সেবাগ্রহীতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণ ও উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
রোববার (১৯ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শনের আয়োজন করা হয়। সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় কার্যালয়ের সামনের অংশ,বাগান, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রবেশপথ সুবিন্যস্ত করার পাশাপাশি নান্দনিক ফুলের গাছ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসক কার্যালয় হলো জেলার প্রশাসনিক প্রাণকেন্দ্র। প্রতিদিন এখানে শত শত সাধারণ মানুষ সেবার আশায় আসেন। অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও নান্দনিক থাকলে যেমন কাজের পরিবেশ উন্নত হয়, তেমনি সেবাগ্রহীতারাও একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন।তিনি কার্যালয়ের পরিবেশ সর্বদা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনারগণ এবং জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই প্রশংসনীয় ও নান্দনিক উদ্যোগকে স্থানীয় সুশীল সমাজ ও সেবাগ্রহীতারা সাধুবাদ জানিয়েছেন।

