সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
পরিদর্শনকালে অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, "সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৫৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত মোট ২৯১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও জানান, ২৯১টি মণ্ডপের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটার এলাকার ভেতরের একটি মণ্ডপও রয়েছে। বিজিবির মোট ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিজিবি অধিনায়ক বলেন, "মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি নিবিড় টহল ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।"
লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, "বাংলাদেশ বিশ্বের বুকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সকল স্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।
